
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সিটিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার গভীর রাতে সদর থানার শিববাড়ী মোড়ে সাতক্ষীরা হোটেলের সামনে অভিযান চালিয়ে নীল রঙের একটি পিকআপ ট্রাক থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী নরসিংদীর সোহেল মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল মিয়া নরসিংদী জেলার নরসিংদী সদর থানার পশ্চিম দত্তপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।