
চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম আনোয়ারুল ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাটমোহর পাঠানপাড়ায় কেএম আনোয়ারুল ইসলামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন চাটমোহর পৌর বিএনপির (বহিষ্কৃত) সদস্য সচিব তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েল।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন অংশ নিচ্ছেন, যিনি পাবনা–৩ এলাকার স্থায়ী বাসিন্দা নন। একই সঙ্গে তার নির্বাচন পরিচালনা পরিষদে দলের সুবিধাবাদী নেতাকর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা নির্যাতন, মামলা ও ত্যাগ স্বীকার করে রাজপথে থেকেছেন—সেসব ত্যাগী নেতাকর্মীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। বরং বহিরাগত ও সুবিধাবাদীদের দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা করা হচ্ছে। এর ফলে পাবনা–৩ এলাকার বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভোট ধানের শীষ প্রতীকে পড়বে না বলে তারা দাবি করেন।
তারা অভিযোগ করেন, দলীয় অবমূল্যায়নের কারণে একের পর এক ত্যাগী নেতাকে বহিষ্কার করা হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচন শেষ হওয়ার আগেই বিএনপিতে আর কোনো ত্যাগী নেতা-কর্মী অবশিষ্ট থাকবে না।
সংবাদ সম্মেলনে বক্তারা ঘোড়া প্রতীককেই ধানের শীষ মনে করে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, এতে কেএম আনোয়ারুল ইসলাম বিজয়ী হলে পাবনা–৩ এলাকায় বিএনপির রাজনৈতিক ঘাঁটি অটুট থাকবে। অন্যথায় এ অঞ্চল সুবিধাবাদী রাজনীতিবিদদের দখলে চলে যাবে এবং ভবিষ্যতে এখান থেকে আর কোনো নেতৃত্ব গড়ে উঠবে না।
সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।