
লালমনিরহাট প্রতিনিধি;
মোঃ রব্বানী ইসলাম
লালমনিরহাটের হাতিবান্ধায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ মামুনকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর শহরের লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার মৃত সামছুলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত মামুন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ জানুয়ারি ভিকটিমের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে বিয়ের শপথ করে এবং সহযোগীদের সহায়তায় কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানালে, গত ১ মার্চ ভিকটিমের অভিভাবক বাদী হয়ে হাতিবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব-১৩ এর একটি গোয়েন্দা দল আসামিদের অবস্থান শনাক্তে কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে রংপুর জেলার লালবাগ প্রিয়ন্তী সুপার শপের সামনে অভিযান চালিয়ে প্রধান আসামি মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৩ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর অপরাধ দমনে র্যাব ১৩সব সময় অভিযানে অব্যাহত থাকবে।
লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম
তারিখ; ১০-০৩-২০২৬_