
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড মোকাবিলায় একটি বাস্তবমুখী মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন উপায় উপস্থিতদের সামনে তুলে ধরা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ফিরোজ কবির কাজল এবং উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলাম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ, প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য সবাইকে দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।