
মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে জ্বালানি তেলের সংকটের কারণে পাম্প ও ডিপোগুলোতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য নিয়মিত পরিদর্শন ও কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো দ্রুত উদ্ঘাটন এবং নিষ্পত্তি ত্বরান্বিত করতে হবে। পাশাপাশি ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
অপরাধ পর্যালোচনা সভা শেষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জিএমপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাদারিত্বকে আরও শক্তিশালী করবে। জনগণকে মানসম্মত সেবা দিতে ঐক্য, আন্তরিকতা ও মানবিকতার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ ট্রাফিক, ডিবি, সিটিএসবি, কোর্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার ও সিআইডির প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
সার্বিকভাবে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।