
লালমনিরহাট প্রতিনিধি;
মোঃ রব্বানী ইসলাম
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে। রবিবার (২৯ মার্চ) সকালে পরিচালিত পৃথক দুইটি অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামখানা ও অনন্তপুর বিওপির দুটি বিশেষ টহলদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অভিযান চালায়। সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট ও ১১টায় পরিচালিত অভিযানে সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড় জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য ধরা হয়েছে ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানান, সীমান্তে চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্য যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম
তারিখ; ৩০-০৩-২০২৬_