
মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ”সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।”
বৃহস্পতিবার (২ এপ্রিল) জিএমপির কনফারেন্স রুমে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় কমিশনার এ কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে মহানগরের অপরাধ প্রবণতা কমেছে, যা পুলিশ ও গণমাধ্যমের যৌথ প্রচেষ্টার ফল।
কমিশনার আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে জনআস্থা বাড়বে এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া যাবে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকরা টঙ্গী ও আশদনগরসহ বিভিন্ন এলাকায় মাদক, চাঁদাবাজি ও সংঘর্ষের আশঙ্কার বিষয় তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় সাংবাদিকেরা বলছে-অনুষ্ঠানটি পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ গাজীপুর গড়ার প্রত্যয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।