
মোঃ আসাদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সাহাবুর রহমান। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। মোঃ সাহাবুর রহমান বগুড়া জেলার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বড় বালুয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম নুরুল ইসলাম তহশীলদার এর সুযোগ্য পুত্র। তার এই গুরুত্বপূর্ণ ও গৌরবময় অর্জনে সোনাতলা উপজেলাসহ সমগ্র বগুড়াবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের জোয়ার বইছে।
স্থানীয়রা জানান, সাহাবুর রহমান ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী ছিলেন। তার এই প্রাপ্তি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো জেলাবাসীর জন্য এক বিশাল গৌরবের বিষয়। তার নিষ্ঠা, মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি আগামী প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্হাপন হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
এদিকে সাহাবুর রহমানের এই সাফল্যে তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সোনাতলার আপামোর জনগন ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, মোঃ সাহাবুর রহমান তার মেধা ও পেশাদারিত্বের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংকে আরও গতিশীল করবেন এবং রাষ্ট্র ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।