শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন।  নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ।  কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার । আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, নদীভাঙনের শঙ্কা এসআই ওসমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভুক্তভোগীদের দাবি—টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা সালথা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।  গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অভিযান; মাদক,দেশীয় অস্ত্রের ভাণ্ডার জব্দ গাজীপুরে বিভিন্ন আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন

আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, নদীভাঙনের শঙ্কা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

 

ব্রাহ্মণবাড়িয়া:প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা।

 

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভৈরব উপজেলার একটি বালুমহালের ইজারার আড়ালে আশুগঞ্জের বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে শতাধিক কানি কৃষিজমি, মিল-ফ্যাক্টরি, ইটভাটা, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। দ্রুত এ কার্যক্রম বন্ধ করা না হলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন।

 

বক্তারা বলেন, আশুগঞ্জের চরসোনারামপুর, বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুরসহ মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। বিভিন্ন সময়ে অভিযোগ ও প্রশাসনিক অভিযান হলেও তা পুরোপুরি বন্ধ না হওয়ায় নদীপাড়ের মানুষ কৃষিজমি ও বসতভিটা হারানোর আতঙ্কে রয়েছে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন জুবায়ের হায়দার বুলু, তারেক আহমেদ মিলন, নাসীরুদ্দীন রুমি, আশরাফুজ্জামান মাসুম, ৬ নম্বর ওয়ার্ড সদস্য নুরুজ্জামান শাকিল, কৃষক মুজিবর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, হাফেজ আব্দুল্লাহ, হাজি বাহাউদ্দীন, ইমরান, খায়রুল সরকার, রানা আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী।

 

ইউএনও মো: জামাল হোসেন বলেন, ‘এর আগেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে আশুগঞ্জ ও ভৈরব উপজেলা প্রশাসন যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে। সরকারের কাজ জনগণের পাশে থাকা। তবে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জনগণকেও সচেতন ভূমিকা রাখতে হবে।’

 

মানববন্ধন থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙন থেকে জনপদ ও কৃষিজমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।

 

পরে দুপুরে ইউএনওর নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

 

ইউএনও জানান, অভিযানের খবর পেয়ে ড্রেজারগুলো ভৈরব প্রান্তে চলে যায়। পরে একটি বালুভর্তি বাল্কহেড আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews