
ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী কাটাখালী খালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের আদর্শ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ সচল রাখাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা অপসারণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে খালের আবর্জনা অপসারণে সহযোগিতা করেন।
কর্মসূচিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গত ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। তিন মাসব্যাপী এ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।