
রিপোর্টার : সোহেল রানা
এসি’র তার কেটে নেওয়ার চেষ্টা, ভাঙচুর আলমারি-ওয়ারড্রব; এমনি ফায়ার মেশিনও চুরি
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান কার্গো কমপ্লেক্স এলাকায় অবস্থিত দারুল জান্নাহ জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা দেয়াল টপকে মসজিদের দ্বিতীয় তলায় প্রবেশ করে এ ঘটনা ঘটায়।
মসজিদ সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা দেয়াল টপকে মসজিদের ভেতরে প্রবেশ করে প্রথমে এসির তার কেটে ফেলে। পরে এসি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মসজিদের বিভিন্ন কক্ষের আলমারি ও কাপ ভাঙচুর করা হয়। এছাড়া ওয়ারড্রবের তালা ভেঙে তল্লাশি চালানো হয়।
দুর্বৃত্তরা মসজিদের নিচতলা থেকেও একটি ফায়ার মেশিন চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় মসজিদের নিরাপত্তা ও বিমান কার্গো কমপ্লেক্স এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
মসজিদ সংশ্লিষ্টরা জানান, এর আগেও এই মসজিদ থেকে একজন মুয়াজ্জিনের সাইকেল চুরির ঘটনা ঘটেছিল। বারবার চুরির ঘটনায় মুসল্লি ও মসজিদ সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতে মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মসজিদ ও বিমান কার্গো কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।