
রিপোর্টার : সোহেল রানা
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত মোট ৮১.৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (এ-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা Emirates-এর EK0584 ফ্লাইটের যাত্রী Roman Mikhailov গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগেজ স্ক্যান করা হয়।
স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু ধরা পড়লে তাঁর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭৮.৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়। বিদেশি পাসপোর্টধারী ওই যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ থাকায় অবশিষ্ট ৭৭.৫০ লিটার মদ আটক করা হয়।
অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে Turkish Airlines-এর TK0712 ফ্লাইটে আগত যাত্রী Samiul Islam গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৪ লিটার বিদেশি মদ উদ্ধার করে আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।