
সাইদ গাজী,
ফরিদপুর জেলা প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুরে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় তাঁদের।
কর্মসূচিতে ফরিদপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরের স্বাভাবিক জনজীবন, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের এ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।