
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে জোরপূর্বক জমি দখল, প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি’র ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে। জমি উদ্ধারে আদালতের আশ্রয় নেয়ায় দখলদাররা আরো বেপরোয়া হয়ে উঠেছেন বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের বাবুরহাট বাজারে ১৮ শতক জমি ক্রয় করেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর সাবেক সহ-সভাপতি ও বিএনপির রাজনীতি ছেড়ে এনসিপির রাজনীতিতে জড়ানো ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি। চলতি বছর আগস্টের ৪ তারিখে ৫১৫৭/২৬ সাফ কবলা দলিল মূলে জমির মালিক হয়ে সরকারী সমুদয় পাওনা পরিশোধ করে নামজারী করে নেন। এ খবর তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রাজার কানে পৌছলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। তার সহযোগী হিসেবে ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও আওয়ামী লীগের নেতা ফয়েজ আহমেদসহ কয়েকজন চিহ্নিত দখলবাজকে নিয়ে ৪/৯/২০২৬ তারিখে উক্ত জমি দখলে নিতে যান। স্থানীয়দের প্রতিরোধের মুখে রাজাসহ দখলবাজরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু জনির পরিবারের লোকজনের সাথে দেখা হলেই বিভিন্ন রকম হুমকী প্রদান অব্যাহত রাখে। এমতাবস্থায় কুড়িগ্রাম আমলী আদালতে একটি মামলা আনয়ন করেন জনি। মামলার খবর শুনে বিএনপির ওই নেতার ও তার লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রাণ নাশের হুমকি দিতে থাকেন। জনি বিভিন্ন ভাবে তাদের সাথে সমঝোতায় আসার চেষ্টা করে ব্যর্থ হন। জনি আশংকা করছেন দখলবাজরা তাকে ও তার পরিবারের বড় ধরনের ক্ষতির পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানী করতে পারেন। স্থানীয়দের দাবী ক্রয় করা জমিতে দলীয় প্রভাবে হস্তক্ষেপ করছেন বিএনপির ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রাজা। এ ব্যাপারে রেজাউল করিম রাজা বলেন, আগামী কাল (আজ মঙ্গলবার) বাবুর হাট বাজারে তদন্ত টিম আসবে আপনাকেও আসার আহবান জানাচ্ছি।