
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী জোনাকি রানী বন্যা। শুধু ইংরেজি বিষয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা তার। কিন্তু প্রতিষ্ঠান প্রধানের সাথে ভুল বোঝাবুঝির কারণে তার ফরম পূরণ করা হয়নি। পরীক্ষার আগে প্রবেশপত্র আনতে গেলে প্রতিষ্ঠান থেকে তাকে জানানো হয় “তোমার পরমপূরণই হয়নি। তুমি প্রবেশপত্র পাবে না এবং এবছর পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবে না”। বিষয়টি জেনে জোনাকি কান্নায় ভেঙ্গে পড়ে। বাড়িতে এসে বিষয়টি তার অভিভাবককে জানায়।
অভিভাবকসহ অন্যান্য কয়েকজন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তাদেরকেও জানানো হয় জোনাকী এবছর পরীক্ষা দিতে পারবে না।অভিভাবকরা একথা শুনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোন উপায় না পেয়ে হতাশায় ভেঙ্গে পরে। অনিশ্চিত হয়ে পরে শিক্ষার্থীর জীবন।
নিরুপায় হয়ে জোনাকির অভিভাবক স্বপন সরকার যোগাযোগ করেন তাদের গ্রামের বিশিষ্ট আয়কর আইনজীবী নির্মল ইন্দু সরকারের সাথে।বিস্তারিত শুনে নির্মল ইন্দু সরকার বিষয়টি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন চৌধুরীকে অবগত করেন। একই সাথে জোনাকীর প্রবেশপত্রের ব্যবস্থা করার অনুরোধও করেন । চেয়ারম্যান যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আজ ২৩ এপ্রিল জোনাকীর প্রবেশপত্রের ব্যবস্থা করে দেয়। ফলে আগামী রবিবারে ইংরেজি পরীক্ষায় জোনাকীর বসার ব্যবস্থা নিশ্চিত হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীর প্রশংসা করেন সবাই।
এ বিষয়ে জানতে চাইলে জোনাকীর বাবা স্বপন সরকার বলে মেয়ে পরীক্ষা দিতে পারবে এমন আশা ছেড়ে দিয়েছিলাম। নির্মল ইন্দু সরকারের সহযোগিতায় বোর্ডের চেয়ারম্যান স্যারের মাধ্যমে আমার মেয়ে এবছর পরীক্ষা দিতে পারবে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।