
স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের কালিহাতীতে ৪৩০ বস্তা ভারতীয় চিনিভর্তি ২টি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের শুলাকুড়া এলাকা থেকে ট্রাক সহ তাদেরকে আটক করা হয়।
কালিহাতী থানার এসআই মিন্টু ঘোষ বলেন যে, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ৪৩০ বস্তা ভারতীয় চিনিসহ ২টি ট্রাক কালিহাতী উপজেলার এলেঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংড়া ইউনিয়নের শুলাকুড়া এলাকা থেকে ট্রাকসহ ৭ জনকে আটক করা হয়েছে। চিনি আমদানির কোন প্রতিষ্ঠানের কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা। আটককৃত ব্যক্তিদের সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য বিষয় এই যে, অবৈধভাবে ভারতীয় চিনি পরিবহনের জন্য আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।