
মো সুজন আহমেদ
ভ্রাম্যমান প্রতিনিধি
ঢাকার সাভারে অফিস শেষে বাসায় ফেরার পথে দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার ইকবাল হাসান ফরিদের উপর ঝাঝাল ক্যামিকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা
শুক্রবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে সাভারের কলমা এলাকায় এ ঘটনা ঘটে
ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক ইকবাল হাসান ফরিদ বলেন, রাতে অফিস শেষে ঢাকা থেকে সাভারের বাসায় ফেরার পথে রাতে আনুমানিক পৌনে ১২ টার দিকে বাসার সামনে অন্ধকার গলিতে পৌছালে পেছন থেকে একজন মুখোশধারী যুবক আমাকে নাম ধরে ডাক দেয়। পরে ডাক শুনে দাঁড়ানোর পর মুখোশধারী দুই যুবক স্থানীয় দুই জনপ্রতিনিধির নাম উল্লেখ করে আমাকে আগামী এক মাসের মধ্যে সাভার এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। অন্যথায় স্বপরিবারসহ আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। এরপর কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে তাদের একজন মরিচের গুড়া সাদৃশ্য এক প্রকার ঝাঁঝালো ক্যামিকেল আমার মাথায় ও চোখেমুখে ছিটিয়ে দেয় এবং আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। ঝাঁঝালো ক্যামিকেল ছিটিয়ে দেওয়ার পর চোখেমুখে ও শরীরে প্রচন্ড জ্বালাপোড়া শুরু হলে তাৎক্ষণিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়
এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে অসুস্থ সাংবাদিককে দেখতে আসেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান। এসময় তদন্ত করে দূর্বৃত্তদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি