
টাঙ্গাইল থেকে আবু বকর।।
টাঙ্গাইলে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই অটোরিকশা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, ১০টি অতিরিক্ত ব্যাটারি, নগদ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মো. মশিউর রহমান (৩২) ও মো. রাজিব (২১) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. সাদেক (৩৫) ও মো. মামুন মিয়া (২৩)।
মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান গত ১ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে হাইওয়ে পুলিশ জানতে পারে, ঢাকা মহানগরীর মুগদা এলাকা থেকে এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে একটি পিকআপে করে যমুনা সেতুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
খবর পেয়ে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায়। রাত ১১টা ২৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক ও তাঁর সহযোগীরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঢাকা থেকে অটোরিকশাটি চুরি করে রংপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।
এ ঘটনায় পুলিশ একটি পিকআপ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১০টি অতিরিক্ত ব্যাটারি, নগদ ১৯ হাজার ৫০০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করেছে।
সূত্র: মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ।