
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে ট্রাইব্রেকারে মানিকগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিকেএসপি।
শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া ফাইনালে ট্রাইব্রেকারে ৩-২ গোলে মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয় বিকেএসপি।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই সমানতালে লড়াই করে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থাকায় শিরোপার ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় সফল হয় ঢাকা বিকেএসপি। ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয় তারা।
ফাইনালে দুর্দান্ত গোলকিপিং, গুরুত্বপূর্ণ সেভ ও দলের জয়ে অসামান্য অবদান রাখায় বিকেএসপির গোলরক্ষক মাহিন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল ক্লাবের খেলোয়াড় সুমন ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপির হাতে ট্রফির পাশাপাশি ৩ লাখ টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়। রানার্সআপ একরাম স্মৃতি ফুটবল ক্লাব, মানিকগঞ্জ পায় ট্রফির সঙ্গে ২ লাখ টাকার প্রাইজমানি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং দেশের ফুটবলের বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে শহীদ বরকত স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।