
ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি গুরুত্বপূর্ণ এক আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে হেনস্তা এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও সভা সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলাকালে সভাস্থলে হঠাৎ করেই হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় এমপি শেখ মো. আব্দুল্লাহ ও ইউএনওর সামনেই জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে হেনস্তা করার ঘটনা ঘটে।
সভাস্থলে আকস্মিক হট্টগোল শুরু হলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে যান। অভিযোগ উঠেছে, এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যক্তিগত ক্যামেরাপার্সন নাহিয়ান সাংবাদিকদের কাজে সরাসরি বাধা দেন। তিনি কর্তব্যরত সাংবাদিকদের ক্যামেরার ওপর আঘাত করেন এবং ছবি তুলতে বারণ করেন।
একপর্যায়ে ‘৭১ টেলিভিশন’-এর ফটোসাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোনটি টেনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা। এছাড়াও আরও কয়েকজন সংবাদকর্মীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালান অভিযুক্ত নাহিয়ান।
সরকারি একটি গুরুত্বপূর্ণ সভায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে এমন মারমুখী ও অপেশাদার আচরণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সংবাদ সংগ্রহ ও ছবি ধারণ করা আমাদের পেশাগত দায়িত্ব। একটি সরকারি আইনশৃঙ্খলা সভায় এমন আচরণ শুধু দায়িত্ব পালনে বিঘ্ন ঘটানো নয়, বরং মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল।”
স্থানীয় সংবাদকর্মীরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হেনস্তা বা বাধার শিকার না হন, তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ব্যক্তিগত ক্যামেরাপার্সন নাহিয়ানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।