
রিপোর্টার : সোহেল রানা
ঢাকা, ৪ অক্টোবর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৫০০ গ্রাম স্বর্ণবার আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।
কাস্টমস হাউসের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজ কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH-0196 ফ্লাইটের এক যাত্রীকে নজরদারিতে রাখা হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর যাত্রী বিমান থেকে নেমে ব্যাগেজ সংগ্রহ করেন। পরে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় সন্দেহভাজন ওই যাত্রীকে আলাদাভাবে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এর মধ্যে প্রতিটি ১ কেজি ওজনের ৪টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণবার রয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৫০০ গ্রাম।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, স্বর্ণবারগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে জানানো হয়েছে।
আটক যাত্রীর নাম MR. YANG DON SEW (৪৩)। তিনি মালয়েশিয়ার নাগরিক। তার পাসপোর্ট নম্বর A61828082।
প্রেস রিলিজে আরও বলা হয়, ওই যাত্রী কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা দেননি এবং স্বর্ণের বিষয়ে কাস্টমস আইন, ২০২৩ ও ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী কোনো বৈধ নথি বা দলিল উপস্থাপন করতে পারেননি।
আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।