
ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে মুক্তারপুর এলাকায় নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কেফায়েত উল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লানপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সেলিম।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল মুক্তারপুর এলাকায় অভিযান চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফ থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রির চেষ্টার সময় কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে জেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান আরও জোরদার করা হবে।