
মোঃ দেলোয়ার হোসেন শিমুল, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানা-পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এসব মাদকদ্রব্য জব্দের পাশাপাশি বাড়ির বাসিন্দা ইসাহাক আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ইসাহাক আলী (৬৭) নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে। তাঁর ডাকঘর পানিহারা, থানা নিয়ামতপুর ও জেলা নওগাঁ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসাহাক আলী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।