
নিজস্ব প্রতিবেদক কালিহাতী:
টাঙ্গাইলের কালিহাতীতে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ বেতারের জনপ্রিয় প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’-এর বহিরাঙ্গন রেকর্ড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ অক্টোবর) সকাল ১১ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তরুণদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে “দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানা প্রশ্ন ও মতামত তুলে ধরে।
বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে ‘সমাপ্ত ৪্থ সেক্টর কর্মসূচীর অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন প্রকল্প।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী আনিসুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, কালিহাতী থানার ওসি মোঃ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী রানী দে, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কালিহাতী প্রেসক্লাবে সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধারণকৃত এই প্রামাণ্য অনুষ্ঠানটি শীঘ্রই বাংলাদেশ বেতারের নিয়মিত অনুষ্ঠানমালায় প্রচার করা হবে।