
, নওগাঁ জেলা প্রতিনিধি :
খাদ্যশস্যের ভান্ডারখ্যাত উত্তরের জেলা নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাঠজুড়ে এখন আমন ধানের সোনালি সমারোহ। বিস্তীর্ণ ফসলের মাঠে কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে ধান মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার আনন্দে যখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ঠিক তখনই টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সেই আনন্দে ভর করেছে দুশ্চিন্তার ছায়া। বৈরী আবহাওয়ার কারণে মাঠের পাকা ও কাটা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
একদিকে ধানের ফলন কম, অন্যদিকে বাজারে ধানের দাম কম। এর সঙ্গে যোগ হয়েছে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি। সব মিলিয়ে চলতি আমন মৌসুমে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন সাধারণ কৃষকরা। বিশেষ করে মাঠে কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ায় তা শুকানো ও নিরাপদে ঘরে তোলা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।
গত শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। আবহাওয়ার এমন অনিশ্চয়তার মধ্যে একদিকে দ্রুত ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে বৃষ্টিতে ধানের ক্ষতির শঙ্কা—সব মিলিয়ে উৎকণ্ঠায় কাটছে তাদের সময়। পর্যাপ্ত রোদ না পেলে কাটা ধান শুকানো কঠিন হয়ে পড়বে। এতে ধানের রং নষ্ট হওয়া, অঙ্কুরোদগম এবং গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে আমন ধানের সম্ভাব্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২০ মেট্রিক টন। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৭২ মেট্রিক টন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধান উৎপাদনে শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাদের। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অনেক জমিতে কয়েক দফা সেচ দিতে হয়েছে। এতে উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও শ্রমিকের মজুরি বৃদ্ধি কৃষকদের বাড়তি চাপে ফেলেছে। অন্যদিকে বাজারে ধানের প্রত্যাশিত দাম না থাকায় উৎপাদন খরচ তুলেও লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে। তার ওপর বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
উপজেলার পাঁড়ইল ইউনিয়নের উষ্ঠিপাড়া গ্রামের কৃষক মোতাহের আলী বলেন, এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। সব ধান কেটে জমিতে ছেড়ে দেওয়া আছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। সরকার নির্ধারিত দামে আমন ধান কিনছে না আড়তদাররা। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে কয়েকবার সেচ দিতে হয়েছে। বাজারে ধানের দাম নেই, অথচ উৎপাদন খরচ অনেক বেশি। এভাবে ধানের দাম থাকলে লাভের বদলে আমাদের কাঁধে ঋণের বোঝা বাড়বে।
ভাবিচা গ্রামের কৃষক এনতাজ আলী বলেন, মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসল ও গুণগত মান—দুটোই নষ্ট হবে। এমনিতেই ধানের দাম কম, শ্রমিক পাওয়া যায় না, উৎপাদন খরচ দ্বিগুণ। এবার আমন আবাদ করে লাভের পরিবর্তে কৃষকদের কাঁধে ঋণের বোঝা বাড়বে বলে আশঙ্কা করছি।
কৃষকদের মতে, আমন ধান উৎপাদনের পেছনে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও ধান কাটার খরচ মিলিয়ে বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। কিন্তু উৎপাদিত ধান বিক্রি করে সেই খরচ পুষিয়ে নেওয়া নিয়েই এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার ওপর বৃষ্টিতে কাটা ধান ভিজে গেলে শুকানো ও সংরক্ষণের বাড়তি ঝামেলা তৈরি হবে। ফলে আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বছর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে এবং বর্তমানে ফসল কাটার কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। বৃষ্টিতে উৎপাদনের তেমন একটা ক্ষতি হবে না বলে জানান তিনি।
সব মিলিয়ে নিয়ামতপুর উপজেলার কৃষকদের এখন একটাই প্রত্যাশা, দ্রুত বৈরী আবহাওয়া কেটে গিয়ে রোদের দেখা মিলুক। মাঠের পাকা ও কাটা ধান নিরাপদে ঘরে তুলতে চান তারা। সারা বছরের শ্রম, অর্থ ও পরিশ্রমের বিনিময়ে ফলানো সোনালি ফসল নিয়ে যেন নতুন করে লোকসানের মুখে পড়তে না হয় এমন প্রত্যাশাই এখন স্থানীয় কৃষকদের।