
সাখাওয়াত হোসেন (তুহিন)
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের পশ্চিম বিলের খাল থেকে নিখোঁজ ওয়াহেদ মিয়ার লাশ উদ্ধার করতে গেলে শত শত মানুষের ভীর জমে। তারাবীহ নামাজ পড়তে গিয়ে নিখোঁজ ওয়াহেদ মিয়া নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের পশ্চিম বিলের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনার কোন রহস্য উদঘাটন করতে না পারায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রঘুরামপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ওয়াহেদ মিয়া (৬৯) সোমবার রাতে প্রতিদিনের মতো বাড়ীর পাশের মসজিদে তারাবীহ নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ি ফিরে না আসায় স্বজনরা হন্যে হয়ে বিভিন্ন স্থানে খুঁজে সন্ধান পেতে ব্যর্থ হয়। পরের দিন মঙ্গলবার দুপুরে রঘুরামপুর পশ্চিম বিলের খালের মধ্যে নিখোঁজ ওয়াহেদ মিয়ার লাশ দেখতে পায়। বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ওয়াহেদ মিয়ার ছেলে আওয়াল মিয়া বলেন, আমার জানা মতো বাবার কোন শত্রু ছিল না। তারাবীহ নামাজ পড়তে যাবে মসজিদে। বিলে কিভাবে গেল এর কুল কিনারা খুজেঁ পাচ্ছি না। আশা করি পুলিশের তদন্তে সকল রহস্য বেরিয়ে আসবে। মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি