
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলছেন খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মাঠপর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে হবে। একজন খেলোয়াড় যেন তার মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে খেলাধুলাকে জীবনের অন্যতম অবলম্বন হিসেবে বেছে নিতে পারেন, সেই পরিবেশ তৈরি করা জরুরি। তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশ, ক্রীড়াবিদদের যথাযথ মূল্যায়ন এবং খেলাধুলার মানোন্নয়নে সরকার কাজ করছে। খেলোয়াড়দের উৎসাহিত করতে ভাতার ব্যবস্থাও করা হচ্ছে। এর ফলে মেধাবী ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়রা আরও ভালো করার অনুপ্রেরণা পাবেন এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন একটি সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। শুধু পড়াশোনা নয়, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলারও প্রয়োজন রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। স্থানীয় পর্যায়ের এমন টুর্নামেন্ট থেকেই একদিন জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরি হতে পারে। তাই ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ছেলেমেয়েরাও তাদের যোগ্যতা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনুক। ক্রীড়াঙ্গন হবে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতার ক্ষেত্র।
তিনি গতকাল ২৭-শে নভেম্বর (শুক্রবার) খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া এলাকায় দেয়াড়া ইয়াং বয়েজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান আনিস।
ফাইনাল খেলায় আদর্শ বয়েজ ক্লাব ও জে.বি.এম. দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে আদর্শ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে রানারআপ হয় জে.বি.এম. দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য আদর্শ বয়েজ ক্লাবের মোঃ পলাশ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।