
রিপোর্টার : সোহেল রানা
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে দুপুর ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা–চট্টগ্রাম–ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটটির কার্গো হোল্ড খোলা, ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের কাছে নিরাপদে ব্যাগেজ হস্তান্তর—পুরো প্রক্রিয়াটি সরেজমিনে তদারকি করেন মন্ত্রী।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সময় কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীরা যাতে দ্রুত ও নির্বিঘ্নে তাদের লাগেজ বুঝে পান, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ব্যাগেজ সরবরাহের সময় আরও কমিয়ে আনার লক্ষ্যে উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট এবং কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় বা ‘সিনক্রোনাইজেশন’ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, একটি ফ্লাইট অবতরণের পর যাত্রীদের ব্যাগেজ পেতে যেন অযথা অপেক্ষা করতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বিতভাবে কাজ করতে হবে। দ্রুত ও নিরাপদ ব্যাগেজ সরবরাহ নিশ্চিত করা বিমানবন্দরের সেবার মান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
পরিদর্শনের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।