
লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১টি BAOFENG ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ ১টি প্যান্ট ও ১টি টি-শার্ট, আইডি কার্ডের ছবি ৩টি এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ইমরান আহমেদ (২০), পিতা সামছুদ্দিন মিয়া ও মাসুম আহমদ (১৯), পিতা বিলাল মিয়া। তাদের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
গতকাল ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গ্রেফতারকৃতরা মৌলভীবাজার পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করে বিভিন্ন স্টলে যায়। এ সময় তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা সঙ্গে থাকা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি প্রদর্শন করে এবং মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি মেলায় উপস্থিত স্টল মালিক, দোকানদার ও কর্মচারীদের দেখায়।
একপর্যায়ে তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করে। চাঁদা না দিলে গ্রেফতার ও হেনস্তা করার ভয়ভীতি দেখান।
বিষয়টি মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী সুযোগ বুঝে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয় এবং তাদের ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে।
মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদ একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে । ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।