
নাসির আহমেদ, কালিয়া, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দুই দিনব্যাপী ‘ড. রাফি–ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সভাপতি মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক, স্পোর্টস অ্যানালিস্ট ও কনসালট্যান্ট অনুপম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও জুনিয়র গলফাররা উপস্থিত ছিলেন।
২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নেওয়া এ কর্মসূচির প্রথম পর্যায়ে ১২ হাজার গাছ রোপণ ও বিতরণ করা হবে। আগামী এক বছরের মধ্যে অবশিষ্ট ১৩ হাজার গাছ রোপণ ও বিতরণের কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে খবির উদ্দিন আহমেদ বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি মোহাম্মদ হানিফ বলেন, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ প্রান্তর, জলাশয় ও পরিযায়ী পাখির বিচরণ দেশের পর্যটনশিল্পের জন্য সম্ভাবনাময় সম্পদ। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি গলফ ট্যুরিজম ও ইকো-ট্যুরিজমের বিকাশের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব।
বিশেষ অতিথি অনুপম হোসেন তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়াচর্চা বাড়ানো এবং প্রতিভাবান জুনিয়র গলফারদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
পাখির গ্রামের পাশাপাশি পানিপাড়া এখন গলফের গ্রাম
স্বাগত বক্তব্যে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ বলেন, পানিপাড়া দীর্ঘদিন ধরে ‘পাখির গ্রাম’ হিসেবে পরিচিত। প্রাকৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে গ্রামটি এখন ‘গলফের গ্রাম’ হিসেবেও পরিচিতি পাচ্ছে। একই গ্রামের প্রায় ৩০ থেকে ৪০ জন শিশু-কিশোর গলফ খেলছে, যা অত্যন্ত গর্বের বিষয়।
তিনি আরও বলেন, পরিকল্পিত উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারের মাধ্যমে অরুনিমাকে কেন্দ্র করে বাংলাদেশের গলফ ট্যুরিজমের সম্ভাবনা বাড়ানো সম্ভব। এতে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নের সুযোগ তৈরি হবে।
জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ড. রাফি–ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট ২০২৬’-এ ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান গলফাররা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সংগঠক এ কে এম শহীদুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের জুনিয়র গলফ প্রতিযোগিতা প্রতিবছর আয়োজনের আশ্বাস দেন।
জুনিয়র গলফারদের প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে গলফের প্রসারে সহযোগিতা করায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের পক্ষ থেকে এ কে এম শহীদুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব বাংলাদেশ গলফ ফেডারেশনের (BGF) অধিভুক্ত একটি বেসরকারি গলফ ক্লাব। প্রাকৃতিক সৌন্দর্য, জলাশয়, পরিযায়ী পাখি, গলফ কোর্স ও আবাসন সুবিধার সমন্বয়ে প্রতিষ্ঠানটি গলফ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতিনির্ভর পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করছে।
পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।