
ওসমান গনি
স্টাফ রিপোর্টার
পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তার মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
শোকবার্তায় কামরুজ্জামান রতন বলেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দেওয়া আব্দুল হাইয়ের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও শোকবার্তায় উল্লেখ করেন তিনি।
কামরুজ্জামান রতন আরও বলেন, দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে