
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): খুলনার রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিদিনই গাড়িটি রাস্তায় বিকল হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে প্রশাসনিক স্বাভাবিক কার্যক্রম। এতে একদিকে যেমন মাঠপর্যায়ের সরকারি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে উন্নয়ন প্রকল্পের নিয়মিত পরিদর্শন এবং মোবাইল কোর্ট পরিচালনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়শই বিকল হয়ে পড়ছে। সম্প্রতি গাড়িটি রাস্তায় বিকল হয়ে পড়লে কয়েকজনকে ধাক্কা দিয়ে সচল করার চেষ্টা করতে দেখা যায়। উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি, সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয় এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু নির্ভরযোগ্য সচল যানবাহনের অভাবে এসব কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে গ্রামীণ সড়ক, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করতে না পারলে কাজের মান যাচাই এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো: রিফাতুল ইসলাম বলেন,
আমার ব্যবহৃত সরকারি গাড়িটির দীর্ঘ ১৯ বছর আগের পুরনো জরাজীর্ণ এ কারণেই প্রায় প্রতিদিনই বিকল হয়ে পড়ছে। ঘাটভোগ ইউনিয়নের একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করতে গিয়েছিলাম ফেরার পথে রাস্তার মধ্যে গাড়ি বিকল হয়ে যায় এবং আমার সাথে থাকা সফর সঙ্গীরা গাড়িটি ঠেলে স্টার্ট করতে সহযোগিতা করেন। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থার অবসান ঘটিয়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রমের গতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য দ্রুত একটি সচল ও নির্ভরযোগ্য সরকারি গাড়ির ব্যবস্থা করা প্রয়োজন । সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান চান উপজেলাবাসী।