
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে মরিয়ম খাতুন (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম ওই গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে চর বজরা এলাকার ওসমান গণির মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে সুজন মিয়ার বিয়ে হয়। সুজন জীবিকার তাগিদে চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার দিন মরিয়মের শাশুড়ি সুফিয়া বেগম অন্যের জমিতে ধান কাটতে যান। এ সময় মরিয়ম বাড়ির আশপাশের শিশুদের সঙ্গে খেলাধুলা করেন। পরে নিজ শয়নকক্ষে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ সময় তাকে বাঁচানোর আশায় দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ও একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।