
মোঃ আনিসুর রহমান শেলী :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চড়ভাবলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ২ জন শ্রমিক নিহত এবং এঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চড়ভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আব্দুল মোনেম লিমিটেডের দেওয়া সাব ঠিকাদারের কাজে মহাসড়কে নিয়োজিত শ্রমিকদের ওপর ট্রাকটি উঠে যায়।
পরে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে যমুনা সেতু পূর্ব থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।