
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
টানা বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের উত্তাপ কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে গাজীপুরের শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকেরা।
কয়েক দিনের অস্থিরতা ও চরম শ্রমিক অসন্তোষের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা।
কারখানার ফটকে শ্রমিকদের সারিবদ্ধ উপস্থিতি, কর্মস্থলে প্রবেশ ও উৎপাদন কার্যক্রম শুরুর মধ্য দিয়ে শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তির পরিবেশ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনে গত কয়েক দিন উত্তপ্ত ছিল গাজীপুরের শিল্পাঞ্চল।
তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। কালিয়াকৈরের শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুর ও সালনা এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। কারখানার ফটকে সারিবদ্ধভাবে প্রবেশ করেন শ্রমিকরা। শিল্পাঞ্চলের কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আজও মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য।এর মধ্যে রয়েছে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর কঠোর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে আপাতত শিল্পাঞ্চলে সংঘাতের উত্তাপ কমলেও তাদের মূল দাবিগুলোর সমাধান নিয়ে রয়েছে অপেক্ষা। ন্যূনতম মজুরি বৃদ্ধি, ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গত কয়েক দিনের বিক্ষোভে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ব্যাপক উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরে আসার আশা করছেন সংশ্লিষ্টরা। তবে শ্রমিক অসন্তোষের স্থায়ী অবসান কতটা নিশ্চিত হবে, তা নির্ভর করছে চলমান দাবিগুলোর কার্যকর সমাধানের ওপর।