বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৫ দিনপর মিলল গুলিভর্তি অস্ত্র • পুরস্কার ঘোষণার পরও উদ্ধার পুলিশের অভিযানে • পরিত্যক্ত জায়গায় পড়ে ছিল পিস্তল নিখোঁজ হওয়ার দুইদিন পর মির্জাগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার  শিশুদের শিক্ষার মানোন্নয়নে শিবগঞ্জে শোলাগাড়ি মাদ্রাসার অভিভাবক সমাবেশ গাজীপুরে কাজে ফিরল পোশাক শ্রমিকেরা জমিতে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট, আহত- ১৫ উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জ থেকে সুজন সাহা গ্রেপ্তার কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ কলেজ ক্যাম্পাস থেকে ৫০০ গজ দূরে উদ্ধার, সন্তানের মরদেহ দেখে মায়ের আহাজারি মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক, থানায় ফেরার পথে উধাও গুলিভর্তি অস্ত্র-খুঁজে দিলে ৫০হাজার টাকা  জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ, শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন – ইসরাইল হাওলাদার

গাজীপুরে ৫ দিনপর মিলল গুলিভর্তি অস্ত্র • পুরস্কার ঘোষণার পরও উদ্ধার পুলিশের অভিযানে • পরিত্যক্ত জায়গায় পড়ে ছিল পিস্তল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

পিস্তল হারিয়ে বিপাকে পুলিশ! খুঁজে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার! ৫দিন পর অবশেষে মিলল সেই গুলিভর্তি পিস্তল।

 

তবে পুরস্কারের টাকা বাঁচিয়ে অস্ত্র উদ্ধারের কৃতিত্বও নিজেদের ঝুলিতে রাখল গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি)।বাসন থানা পুলিশ

 

মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক করতে গিয়ে হারিয়ে গিয়েছিল পুলিশের পিস্তল। এরপর অস্ত্র উদ্ধারে তৎপরতা, পুরস্কার ঘোষণা আর নগরজুড়ে নানা আলোচনা-সমালোচনা।

 

শেষ পর্যন্ত বুধবার (৫ নভেম্বর) ভোররাতে বাসন থানা পুলিশের অভিযানে মিলেছে ব্রাজিলের তৈরি টরাস কোম্পানির ৯ এমএম পিস্তল। সঙ্গে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি।

 

অস্ত্র উদ্ধার হয়েছে, পুলিশও স্বস্তিতে। তবে ৫দিনের এই ‘পিস্তল-রহস্যে’ এখনো রয়ে গেছে কিছু প্রশ্ন—হারাল কোথায়, গেল কোথায়, আর উদ্ধার হলো কীভাবে?

 

পুরস্কার ঘোষণা, কিন্তু ‘দাবিদার’ নেই!

 

গত ৩১ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে মাদকবিরোধী অভিযান চালান বাসন থানার এএসআই পারভেজ মল্লিক ও তার সহযোগীরা।

অভিযানে আটক করা হয় দুই ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তলটি হারিয়ে যায় বলে দাবি করেন এএসআই পারভেজ। পরে থানায় ফিরে অস্ত্রটি সঙ্গে না পেয়ে বাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

 

এরপর শুরু হয় অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান।মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসার পর হারানো পিস্তলের সন্ধান দিতে কিংবা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন বাসন থানার ওসি হারুনুর রশিদ।

 

ঘোষণার পর নগরজুড়ে আলোচনা—গুলিভর্তি পিস্তল খুঁজে দিতে কে হচ্ছেন অর্ধলক্ষ টাকার ভাগ্যবান? শেষ পর্যন্ত অবশ্য কোনো পুরস্কারপ্রত্যাশীর অপেক্ষায় থাকতে হয়নি পুলিশকে। নিজেদের অভিযানেই উদ্ধার হয়েছে অস্ত্রটি।

 

পাঁচ দিনের ‘নিখোঁজ’, মিলল পরিত্যক্ত জায়গায়!

 

জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে বাসন থানার ওসি হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

 

বাসন থানাধীন বারবৈকা মুন্সিপাড়া এলাকায় টিএনটি রোডের বিপরীতে অধ্যাপক মো. সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত খালি জায়গায় পড়ে ছিল পিস্তলটি।

 

উদ্ধার করা অস্ত্রটি ব্রাজিলের তৈরি টরাস (TAURUS) কোম্পানির ৯ এমএম পিস্তল। এর গায়ে ইংরেজিতে ‘TKU41395’ নম্বর লেখা রয়েছে। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি লোড করা অবস্থায় পাওয়া যায়।

 

অস্ত্র ফিরেছে, রহস্যের ‘ম্যাগাজিন’ এখনো খালি!

 

গুলিভর্তি পিস্তল হারানোর ঘটনায় জিএমপি পুলিশের ভাবমূর্তি নিয়ে তৈরি হয়েছিল নানা আলোচনা। মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক হলেও পুলিশের নিজের অস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে জন্ম নেয় কৌতূহল ও উদ্বেগ। অবশেষে অস্ত্র উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে পুলিশে। কিন্তু রহস্যের পুরো পর্দা এখনো সরেনি।

 

জনমনে প্রশ্ন–অভিযানের ঠিক কোথায়, কখন ও কীভাবে পিস্তলটি হারিয়ে গেল? পরিত্যক্ত জায়গায় অস্ত্রটি পৌঁছাল কীভাবে? উদ্ধারের আগে সেটি কারও হাতে ছিল কি না? আর ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণার পর শেষ পর্যন্ত সেই টাকা কাউকে দেওয়া হচ্ছে কি না? পুলিশের বিজ্ঞপ্তিতে এসব প্রশ্নের উত্তর মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews