
মোঃ দেলোয়ার হোসেন শিমুল, নওগাঁ জেলা প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায় সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।