
স্টাফ রিপোর্টার (ধামরাই)
মোঃ রাকিব হোসেন
ঢাকার ধামরাইয়ে ৫ দিনের ব্যবধানে ৪টি বাসে আগুন দেওয়ার ঘটনায় ২টি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। বাসটি ডিইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। ফায়ার সার্ভিসের ধারণা, নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে।
এর আগে রোববার ভোররাতে শরীফবাগে ডি-লিংক পরিবহন, বৃহস্পতিবার রাতে থানা রোডে পাভেল পরিবহন এবং শুক্রবার রাতে শ্রীরামপুরে পল্লী সেবা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাবুল হোসেন ওরফে কদম আলী (৫৫), আবদুল্লাহ আল মামুন (৩৭), মহিউদ্দিন (৬৮), আবু বক্কর সিদ্দিক (২৮) ও মাসুদুর রহমান (৬০)। একটি সূত্রে জানা গেছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ধামরাই থানার ওসি মোঃ নাজমুল হুদা খান বলেন, আগুনের ঘটনাগুলো রাজনৈতিক নাশকতা নাকি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটছে, তা তদন্ত করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।