
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়িতে চুরি, মাদক সেবন ও বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি উলিপুর পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের নাগরিকলবাড়ী, শঠিবাড়ী, খামার ভাটিয়াপাড়া ও ডাক্তারপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে উলিপুর থানার লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের মদদদাতাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
অভিযোগসুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং এসব এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সম্প্রতি কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া মাদক বেচাকেনা, মাদক সেবন এবং দলবদ্ধভাবে পাড়ায় পাড়ায় সংঘর্ষ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে এলাকার শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যবস্থা নিতে পারা যায় না। কারন হিসেবে বলেন, মাদকসেবিদের মাথা সব সময় অস্বাভাবিক থাকে এরা খুন করতেও সামনেপিছনে ভাবেনা। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন, গণস্বাক্ষর সংবলিত অভিযোগ পেয়েছই, জনবল কম থাকায় তাৎক্ষণিক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমসিম খাচ্ছি। তিনি আরো বলেন, স্থানীয় সচেতন মহলকে সাথে নিয়ে ভিন্ন ভিন্ন এলাকায় সকল শ্রেণির মানুষদের কাউন্সিলিং করার বিষয়ে পরামর্শসহ সাথে থাকার অভিপ্রায় প্রকাশ করেন।