
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): রূপসায় উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম আজ ১২-ই নভেম্বর সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মোবাইল কোর্টে ভেজাল মধু ব্যবসায়ী বিলকিস বেগমকে জরিমানা করা হয়েছে।
উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে মাকামের মোড় এলাকায় বিলকিস বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। উক্ত বাড়ি থেকে একটি সাদা প্লাস্টিকের জারে আনুমানিক ৯ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। ভেজাল মধু উৎপাদন, বিক্রয় ও সংরক্ষণের বিষয়ে আসামি বিলকিস বেগম অপরাধ স্বীকার করায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাক্ষীদের সামনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত নকল মধু পানিতে ফেলে দেওয়া হয়।
এ সময় এলাকাবাসী জানায় বিলকিস বেগম দীর্ঘদিন যাবত এভাবে ভেজাল মধু বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযানে উপস্থিত সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার আশা ব্যক্ত করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।