
নার্গিস রুবি: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মোবাইল কোর্টের নির্দেশ ও উচ্ছেদ অভিযানকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরপুরে একটি ৮ তলা ভবন পুনরায় নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আইন ও নিয়মনীতিকে তোয়াক্কা না করে রাজউকের চোখের সামনেই অবৈধ অংশ পুনর্নির্মাণের এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজউক জোনাল অফিস ৩/২ এর আওতাধীন এলাকার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও নগর পরিকল্পনাবিদরা।
ঘটনার সূত্রপাত ঘটে গত বছরের ১৮ ডিসেম্বর। ওই দিন রাজউক জোনাল অফিস ৩/২ এর উদ্যোগে একটি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। মিরপুর সেকশন ২ এর ব্লক ই, রোড ২, বাড়ি ৫ অবস্থিত তাহের মঞ্জিল নামক প্রজেক্টে এই অভিযান চালানো হয়। ভবনটিতে ইমারত নির্মাণ আইন ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত অংশ নির্মাণ করায় রাজউকের মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেয় এবং ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করে। সে সময় মোবাইল কোর্টের আদেশে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে, সর্বোচ্চ এক মাসের মধ্যে ভবনের নকশাবহির্ভূত বা ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলতে হবে এবং বিষয়টি রাজউক কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করতে হবে। কিন্তু অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মোবাইল কোর্টের দেওয়া সেই সময়সীমা ও নির্দেশকে পুরোপুরি উপেক্ষা করেছেন ভবন মালিক। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অংশ অপসারণ তো দূরের কথা, বরং উল্টো চাঞ্চল্যকরভাবে সেই উচ্ছেদকৃত অংশ আরও শক্তপোক্তভাবে পূর্ণনির্মাণ করে সম্পূর্ণ ৮ তলা ভবনটিকে আগের অবস্থাতেই বহাল করা হয়েছে।
এহেন পরিস্থিতিতে বিষয়টি রাজউক কর্তৃপক্ষের নজরে আসলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বিভাগ। খবর পাওয়ার পর রাজউকের জোনাল অফিস ৩/২ এর অথরাইজড অফিসার মাসুদ আহমেদ এবং ইমারত পরিদর্শক আশিকুর রহমান ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দিয়েছেন। তবে বারবার যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও এ বিষয়ে অভিযুক্ত ভবন মালিকের কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩ এবং ৩ ক ধারা অনুযায়ী, রাজউকের অনুমোদিত নকশা এবং নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করে কোনো ইমারত নির্মাণ বা পুনর্নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত অংশ নির্মাণ করা হলে তা অবৈধ স্থাপনা হিসেবে গণ্য হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী মোবাইল কোর্টের প্রদত্ত নির্দেশনা বা রায় অমান্য করা একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। উচ্ছেদকৃত অংশ নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ অমান্য করে তা পুনরায় নির্মাণ করার অপরাধে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে নিয়মিত থানায় মামলা, কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডের সুস্পষ্ট আইনি বিধান রয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ও রাজউক অধ্যাদেশ অনুযায়ী, নকশাবহির্ভূত অংশ নিজ দায়িত্বে না ভাঙলে রাজউক যেকোনো সময় তা পুনরায় উচ্ছেদ করতে পারে এবং এই উচ্ছেদ কার্যক্রমের যাবতীয় খরচ ভবন মালিকের কাছ থেকে আদায় করার আইনি এখতিয়ার রাখে।
নগর বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে শুধু জরিমানা বা সাময়িক উচ্ছেদ অভিযান যথেষ্ট নয়। আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে ভবন মালিকের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরসহ দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রীয় আইন ও আদালতের নির্দেশ অমান্য করার সাহস না পায়।