
মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সাম্প্রতিক উদ্ভাবনী ও আন্তর্জাতিক পর্যায়ের সব অর্জন ও সাফল্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁকে এই উৎসর্গ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত বিভিন্ন পদক্ষেপ—বিশেষ করে খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষক কার্ড এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে গাকৃবির এই সাফল্যগুলো উৎসর্গ করা হয়েছে।
গাজীপুরের ভাওরাইদ এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এ ঘোষণা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার প্রত্যয় ও ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রের সাথে একাত্ম হয়ে গাকৃবি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাকৃবির সাম্প্রতিক উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়া, ‘কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭’ এবং ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭’-এ সম্মানজনক অবস্থান অর্জন।