
সাইদ গাজী সালথা,ফরিদপুর প্রতিনিধি,
বুধবার দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩য় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলিন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
অনুষ্ঠান চলাকালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়ালি ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে।