
রিপোর্টার : সোহেল রানা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট (ভেপ), ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়েছে। গত ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-387 ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার (Sultana Razia) ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হয়। তল্লাশিতে তার ব্যাগেজ থেকে ৯০ পিস ই-সিগারেট/ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবারের স্বর্ণালংকার আটক করা হয়।
অন্যদিকে, ৭ নভেম্বর পৃথক অভিযানে কাতার থেকে ঢাকায় আসা QR-640 ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
সাম্প্রতিক এসব ঘটনায় বিমানবন্দর দিয়ে ই-সিগারেট ও ভেপসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে আনার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যাত্রীদের ব্যাগেজ ব্যবহার করে এসব পণ্য আনার চেষ্টা শুল্ক ফাঁকি ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
রাজস্ব সুরক্ষা নিশ্চিত করা এবং নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।