
মোছাঃববিতা আক্তার
কালিয়াকৈরে সফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সাধারণ মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ’-এর কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমীর ইয়াদ আলি গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, বিএএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মোঃ নূরুল হাসান ফরিদী, উপ-মহাপরিচালকবৃন্দ ও বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, আনসার-ভিডিপি সদ্যবৃন্দ।
এসময় বাহিনীর অশ্বারোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আগমন করেন প্রধান অতিথি। লাল গালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জিপ-এ তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড কমান্ডার উপপরিচালক মোঃ সেফাউল হোসেন এর নেতৃত্বে প্যারেড ৬ (ছয়) সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।
নিজ নিজ ধর্মগ্রন্থের দিকে হাত তুলে দৃঢ় মনোবলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা। তাদের মধ্যে হতে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ৭৯৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মোঃ ইকবাল হোসেন, ফায়ারিং-এ সেরা মোঃ আবু নাঈম সোহান, আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মোঃ নোমান বকাউল।