
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে গ্যারেজ থেকে চুরি হওয়া মিশুক গাড়ি সিলেটে নিয়ে বিক্রির আগেই ভেস্তে গেল চক্রের পরিকল্পনা। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেফতার ও চুরি যাওয়া ২টি মিশুক ও একটি চার্জার উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন তবলপুর এলাকা থেকে মোঃ এমরান হোসেন (৩৪) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এজাহারভুক্ত আসামী এমরান হোসেনকে এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম, এসআই নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করেন।
গ্রেফতারের পর আসামীর দেওয়া তথ্য অনুযায়ী রাত ২টা ১৫ মিনিটে একই এলাকার রোশন আলীর বাড়ির সামনে কাঁচা রাস্তার পাশ থেকে চুরি হওয়া ২টি মিশুক গাড়ি ও একটি চার্জার উদ্ধার করা হয়। প্রতিটি মিশুক গাড়িতে ৩টি চাকা ও ৪টি ১২ ভোল্ট ব্যাটারি রয়েছে বলে জানায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী তার সহযোগীদের নিয়ে গাজীপুরের পূবাইল থানাধীন একটি গ্যারেজ থেকে মিশুক গাড়ি দুটি চুরি করে প্রথমে মাজুখান এলাকায় নিয়ে যায়। পরে একটি পিকআপ গাড়ির মাধ্যমে সেগুলো সিলেটের বিশ্বনাথ এলাকায় স্থানান্তর করে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়।
পুলিশ উদ্ধারকৃত আলামত জব্দ করেছে ও আইনানুগ কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পূবাইল থান পুলিশ।