
রিপোর্টার : সোহেল রানা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সিঙ্গাপুর থেকে আসা বিজি-৫৮৫ ফ্লাইটের উড়োজাহাজের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজি-৫৮৫ ফ্লাইটে বিপুল পরিমাণ স্বর্ণবার থাকার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। প্রাথমিক গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে শতাধিক স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানা যায়। এরপর উড়োজাহাজটির বিভিন্ন অংশে প্রায় চার ঘণ্টা ধরে নিবিড় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবারের সন্ধান পান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। ৫০টি বারে মোট ৫০০ তোলা স্বর্ণ পাওয়া যায়, যা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজির সমপরিমাণ।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণ কোনো যাত্রীর ব্যাগেজ থেকে পাওয়া যায়নি। উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল এসব স্বর্ণবার।
এ ঘটনায় স্বর্ণগুলো উড়োজাহাজে কারা রেখেছিল এবং বিমানবন্দর থেকে সেগুলো বের করে নেওয়ার পরিকল্পনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান চালানো হচ্ছে।
উদ্ধার করা স্বর্ণের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।