
ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার –
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে একটি বালুর গদিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু পরিবহনের প্রায় দেড় কিলোমিটার পাইপলাইন বিনষ্ট এবং একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু। অভিযানে নৌপুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহেরহাটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কারণে কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একই সঙ্গে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে পুরো এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগের সত্যতা যাচাই করে উপজেলা প্রশাসন এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে আটক বা আইনি দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত প্রায় দেড় কিলোমিটার পাইপলাইন ভেঙে বিনষ্ট করা হয় এবং বালু উত্তোলনের ড্রেজারটি বিকল করে দেওয়া হয়।
লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের এই ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।