
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বসতভিটার জমি জোরপূর্বক দখল, বাধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এই অভিযোগ করেন উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চর বেবুতা গ্রামের বাসিন্দা জেসমিনা খাতুন (৫০)।
অভিযোগে জেসমিনা খাতুন উল্লেখ করেন যে, তিনি তার স্বামী মৃত জামাল খানের ওয়ারিশ সূত্রে এবং ক্রয় সূত্রে চর বেবুতা মৌজায় বসতভিটার ৭ শতাংশ ও ফসলি জমির ১১ শতাংশের মালিক। অভিযোগ অনুযায়ী, একই এলাকার ১. রফিক (২১), ২. শহীদ (উভয় পিতা- মৃত জামাল খান), ৩. শরীফ (পিতা- শহীদ) ও ৪. হাসিনাসহ (স্বামী- শহীদ) সংশ্লিষ্টরা তার বসতভিটার ৭ শতাংশ ও ফসলি জমির ১১ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
বাদীর দাবি, জমি দখলে বাধা দেওয়ায় এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে সালিশ মীমাংসার চেষ্টা করা হলে অভিযুক্তরা তা মানেননি এবং বাড়ি ছাড়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০টার দিকে অভিযুক্তরা জোরপূর্বক বাদীর বসতভিটায় প্রবেশ করে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে শুরু করেন। এ সময় জেসমিনা খাতুন বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে বাঁশ দিয়ে মাথায় আঘাত করতে উদ্যত হন। হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তিনি হাতে আঘাত পান। একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বাঁশঝাড়ে পড়ে যান। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ দায়ের করেন।
ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী জেসমিনা খাতুন।