
রিপোর্টার : সোহেল রানা
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) অভিযানে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) মহাপরিচালকের নিকট থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফটের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে শারজাহ থেকে ঢাকাগামী G9 571 ফ্লাইটে আগত যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হয়।
তল্লাশিকালে যাত্রী Mohammed Shahin-এর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেট, ১টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। একইভাবে K M Fozol Haque-এর ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও ১টি ল্যাপটপ এবং Belayet Bhuiyan Hossain-এর ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও ১টি ল্যাপটপ আটক করা হয়।
এ নিয়ে তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, ১টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।